Image default
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয় সরকারের ব্যর্থতা : ফখরুল

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ ‘সরকারের সার্বিক ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় গ্রিডে বিদ্যুত বিপর্যয়ে দুপুর থেকে ৬ ঘণ্টা ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ অধিকাংশ জেলায় বিদ্যুতহীন অবস্থার বিষয়ে আজ বুধবার দুপুরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা মনে করি, জাতীয় গ্রিডে বিপর্যয় সরকারের সামগ্রিক ব্যর্থতা। যে কথাটা আমাদের টুকু সাহেব (সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু) বললেন, এখানে যে পরিকল্পনার মধ্য দিয়ে এবং যে কাঠামোগত ব্যাপারটা থাকে অর্থাৎ টেকনিক্যাল সাইড যেটা থাকে সেখানে টোটালি চুরি হয়েছে বলেই আজকে এই বিপর্যয় ঘটেছে।

তিনি বলেন, ‘এই ঘটনা শুধু বিদ্যুতে নয় সর্বক্ষেত্রে ঘটছে। যার ফলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, কোথাও তো কোনো জবাবদিহিতা নাই। দেয়ার ইজ নট ইলেক্টেড পার্লামেন্ট। ‘

মির্জা ফখরুল বলেন, ‘আপনি যে প্রশ্ন করবেন, কোথাও যে জবাব চাইবেন সেই জবাবটাও চাইতে পারছেন না। যেহেতু এই সরকারের জনগণের প্রতি কোনো দায় নেই, দায়িত্বশীলতার ব্যাপার নেই। প্রতিটি ক্ষেত্রে দেখবেন এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাটা (জাতীয় গ্রিডে বিপর্যয়) তারই একটা প্রমাণ যে, তাদের দায়িত্বশীলতার অভাব এবং তাদের জবাবদিহিতার অভাবের কারণে এই ঘটনা ঘটছে। ‘

তিনি বলেন, ‘সেই কারণে কিন্তু আমরা বার বার করে বলছি যে, এই সরকার এখন একটা বারডেন হয়ে গেছে দেশের ওপরে, তারা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সরকারকে না সরালে এই জাতির অস্তিত্বই টিকে থাকা মুশকিল হবে। ‘

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এখান থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা- দে মাস্ট রিজাইন এবং একই সঙ্গে একটা কেয়ারটেকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করা। এছাড়া এর কোনো বিকল্প পথ নেই। ‘

ফখরুল বলেন, ‘তারা একটা ভয়াবহ ঘাত তৈরি করেছে, ভিসাচ সার্কেল তৈরি করেছে, দুষ্ট চক্র তৈরি করেছে লুটপাট করে যাওয়ার। যেটা আমার সব সময় মনে হয়, বর্গীদের মতো অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। যে বর্গী এসে যেমন লুট করে নিয়ে চলে যেত ঠিক একই ভাবে আওয়ামী লীগ আজকে লুট করছে, লুট করে পাচার করছে, হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে। ‘

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সারাদেশের অর্ধেক অঞ্চলের বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যায় সাড়ে ৬টার পর ধাপে ধাপে বিদ্যুত ফেরানোর কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

এদিকে সরকার এই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর নির্বাহী পরিচালনক ইয়াকুব ইলাহী চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় গ্রিডের বিদ্যুৎ বিপর্যয় নিয়ে দুপুরে আসাদ গেইটে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব।

Related posts

নবীনগরে বিএনপি অফিসে আগুন

News Desk

হাসপাতাল থেকে শিশু চুরি করে পালানোর সময় কিশোরী গ্রেফতার

News Desk

এক বাঘা আইড় মাছ ৩৬ হাজার টাকায় বিক্রি

News Desk

Leave a Comment