বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা
বিনোদন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

১২ ফেব্রুয়ারি শুরু হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ১৪টি সিনেমাকে দেওয়া হচ্ছে প্রায় ২১ কোটি ৭৫ লাখ টাকার তহবিল। ১৩ ফেব্রুয়ারি নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়। এতে নির্বাচিত হয়েছে বাংলাদেশের রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা এই তহবিল দিচ্ছে। এ বছর ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে। এর মধ্যে রুবাইয়াতের দ্য ডিফিকাল্ট ব্রাইড পাচ্ছে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা)। রুবাইয়াতের মতে, বার্লিন উৎসবের মতো মর্যাদাপূর্ণ আসরে এই অনুদান প্রাপ্তির ঘটনা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

যৌথ প্রযোজনার এই সিনেমার প্রয়োজক হিসেবেও রয়েছেন রুবাইয়াত হোসেন, আরও আছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজক। ২০২২ সালে ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে ৫০ হাজার ইউরো (প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা) অনুদান পেয়েছিল দ্য ডিফিকাল্ট ব্রাইড।

দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। এর গল্প এক তরুণীকে ঘিরে, যার স্বপ্ন রূপকথার মতো বিয়ে। কিন্তু জটিল এক অসুস্থতা তার জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেয়। প্রচলিত চিকিৎসায় এর সমাধান মেলে না। মানসিক চাপ বাড়তে থাকলে তরুণীটি বিভ্রমে ভুগতে শুরু করে। সামাজিক বাস্তবতা আর অতিপ্রাকৃতিক ঘটনার মিশেলে এক নারীর অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক সংকটকে সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। মূল চরিত্রে অভিনয় করেছেন জায়নীন করিম চৌধুরী। আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। সিনেমাটির সম্পাদনার কাজ শেষ হয়েছে, এখন চলছে আবহসংগীতের কাজ।

Source link

Related posts

মিতিন পেয়েছেন সেরা নৃত্যশিল্পীর পুরস্কার

News Desk

মারা গেছেন গায়ক আকবর 

News Desk

দুই মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন শুটিং স্পটে দগ্ধ অভিনেত্রী

News Desk

Leave a Comment