দেড় মাস আগে বিয়ে, আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক
বাংলাদেশ

দেড় মাস আগে বিয়ে, আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার শাহজালাল (৩৫) নামের এক যুবক। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ২টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে।

নিহত শাহজালাল জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি এলাকার সোনামিয়া মাদবরের ছেলে। তিনি দীর্ঘ  ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকেন। নিহতের চাচাতো ভাই সামাদ মাতব্বর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহজালাল জীবিকার তাগিদে দীর্ঘ ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যান। সেখানে বরিশাল এলাকার গোপাল নামে একজনের সঙ্গে একটি দোকান দেন। বুধবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে গুলি করে তাকে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে নিহতের খবরটি তার গ্রামের বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

নিহতের চাচাতো ভাই মিলন মাদবর বলেন, ‘আমার ভাই ৮/৯ বছর যাবৎ বিদেশে গেছে। ভোরে ওর ব্যাবসায়িক পার্টনার গোপাল নামে একজনের কাছে মৃত্যুর খবর পাই। আমাদের খুব কষ্ট হচ্ছে।’

নিহতের মা সুরিয়া বেগম কেঁদে কেঁদে বলেন, ‘আমার বাবাকে একটু ফোন দেন, আমি ওর সঙ্গে কথা বলবো। আমার বাবারে দেড় মাস আগে বিয়ে করিয়েছি। মোবাইলে কাবিন করিয়েছি। কয়দিন পর বাবায় বাড়ি আইবো। বাড়িতে আমার বউমাকে আনবো। আর কিছুই হইলো না। আপনারা আমার বাবার লাশটা দ্রুত আনার ব্যবস্থা করেন।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। মরদেহ দেশে আনতে যদি কোনও সহায়তার দরকার হয় তাহলে আমরা সেটা করবো।’

Source link

Related posts

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিক

News Desk

মহাসড়কের ইউটার্ন ও প্রবেশপথ বন্ধের চেষ্টা, বিপাকে ফিলিং স্টেশন-রেস্টুরেন্ট

News Desk

সাংবাদিক পরিচয়ে ভোটকেন্দ্রে ছাত্রলীগ-যুবলীগ নেতারা

News Desk

Leave a Comment