Image default
বাংলাদেশ

করোনার টিকা উৎপাদনে ট্রিপস চুক্তির শর্ত প্রত্যাহার চায় বাংলাদেশ

করোনাভাইরাস নির্মূলে টিকা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির বাধ্যবাধকতাসমূহ সাময়িকভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৭৪তম অধিবেশনে এ আহ্বান জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, অধিবেশনে বাংলাদেশের মতো উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোয় কোভিড ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করে তা দ্রুত অন্যান্য উন্নয়নশীল দেশে বিনামূল্যে সরবরাহের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়। একইসঙ্গে অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদল কোভিড-১৯ ও এর আর্থসামাজিক প্রভাব মোকাবিলায় যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও ভ্যাকসিন প্রদান সংক্রান্ত কার্যক্রম এবং প্রণোদনা প্যাকেজসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কার্যকর উদ্যোগসমূহ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করে।

গত ২৪ মে থেকে ১ জুন পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৭৪তম অধিবেশন। এতে ভার্চুয়ালি অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এবারের সম্মেলনে কোভিড-১৯ সংকট মোকাবিলায় ভ্যাকসিন উৎপাদন, সরবরাহ ও সুষম বণ্টনের বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পায়।

সম্মেলনে বাংলাদেশ ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স’র কো-চেয়ার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃস্থানীয় ভূমিকার কথা তুলে ধরে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স মোকাবিলায় বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে। এছাড়া বাংলাদেশ বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও একটি শক্তিশালী বিশ্ব স্বাস্থ্য সংস্থা গড়ে তোলার জন্য টেকসই অর্থায়ন নিশ্চিতকরণের উপর জোর দেয়।

সম্মেলনে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্সের উপর দুটি যৌথ বিবৃতি প্রদান করেন।

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৭৪তম অধিবেশনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদ এবং প্রোগ্রাম, বাজেট ও প্রশাসন কমিটির দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উভয় কমিটির নির্বাচিত সদস্য হিসেবে এসব সভায় অংশগ্রহণ করে। এবারের সম্মেলনে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর মোট ৩৫টি প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Related posts

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

News Desk

৩৭১ ইউপি নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন

News Desk

স্বামীর সঙ্গে তর্ক, বাসচালককে অফিসে ডেকে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

News Desk

Leave a Comment