Image default
বাংলাদেশ

সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল সভা-সমাবেশ করবে। এসব সমাবেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। সরকারি সম্পত্তি ও জনগণের সম্পত্তি হেফাজত করতে হবে।

রোববার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পুলিশ অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা বাড়াতে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে ডিএমপি কমিশনার অভিবাদন গ্রহণ করেন। এ সময় কমিশনার ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন করেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কাজ হচ্ছে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করা। মাঠ পর্যায়ে কাজ করতে শারীরিক সক্ষমতা বাড়াতে প্যারেডের বিকল্প নেই। ফিজিক্যাল ফিটনেস এবং মাঠ পর্যায়- দুই ক্ষেত্রেই সমান দক্ষতা থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য অনেক কিছু করছেন। পুলিশ না চাইতেই অনেক কিছু দিচ্ছেন। এর প্রতিদান হিসাবে ২ কোটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে একটি টিম হয়ে সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ঢাকা শহরের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে আরও বেশি সতর্ক থাকতে হবে।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছোড়া হয় রাজারবাগের পুলিশের অস্ত্র থেকে। ওই প্রতিরোধ যুদ্ধে শহিদ হন রাজারবাগের অনেক সাহসী বীর পুলিশ সদস্য। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ জীবন দিয়ে হলেও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।

মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, একেএম হাফিজ আক্তার, মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ হারুন অর রশীদ, ড. খ. মহিদ উদ্দিন প্রমুখ।

Related posts

ইটভাটার কালো ধোঁয়ায় এক রাতে পুড়ে গেছে ৫০০ বিঘা জমির ফসল

News Desk

ঈদে এক পল্লিতে ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির টার্গেট

News Desk

‘হাওরে উড়াল সেতু করতে গিয়ে একটি হিজল-করচ গাছও যেন নষ্ট না হয়’

News Desk

Leave a Comment