বিগবস কারখানায় আগুন
বাংলাদেশ

বিগবস কারখানায় আগুন

গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা আগুন দিয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানা আগুন দেন। সকাল থেকে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।

গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বিগবস কারখানায় আন্দোলনকারী বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পথে আন্দোলনকারী শ্রমিকরা তাদের গাড়ি ভাঙচুর করেন। এ জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ওই কারখানায় ঢুকতে পারেনি। সকাল ১১টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এসপি সারোয়ার আলম বলেন, ‘গাজীপুরের কাশিমপুর থানার সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে একাধিক শিল্প কারখানা রয়েছে। ওই কারখানার মালিক শিল্পপতি সালমান এফ রহমান। ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলোতে প্রায় ৩২ হাজার শ্রমিক কাজ করেন। তাদের বেতনের পরিমাণ প্রতি মাসে ৮২ কোটি টাকা বলে জানা গেছে। কয়েক দিন ধরে শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছেন। মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করলেও বেশির ভাগ শ্রমিকের অ্যাকাউন্টে তা যায়নি। ওইদিন সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা আন্দোলন ও বিক্ষোভ করেন। বুধবার সকাল থেকে একই দাবিতে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগরের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

‘বেক্সিমকো কর্তৃপক্ষ বলছেন, তারা বেতন দেওয়ার চেষ্টা করছে কিন্তু শ্রমিকরা তাদের সময়ই দিচ্ছেন না। শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। তবে আশা করা যাচ্ছে আজকের মধ্যেই সবার বেতন পরিশোধ করবে কর্তৃপক্ষ।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘বেক্সিমকো গ্রুপের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন। পরে আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি। তারা সহযোগিতা করলে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবো।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা আন্দোলন করে সড়ক অবরোধ করে রাখেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এখন পর্যন্ত আগুন জ্বলছে।

 

Source link

Related posts

এবারও হতাশ চা শ্রমিকরা

News Desk

এনসিপির শ্রমিক সংগঠনের নেতা গুলিবিদ্ধের ঘটনায় সন্দেহভাজন নারী আটক

News Desk

ঢাকায় রূপচর্চা সেবার কথা বলে বাসায় ডেকে দলবদ্ধ ধর্ষণ

News Desk

Leave a Comment